কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপী “বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। নারী উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অফ এলিন-এর ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া তাজমিন দোলা। তিনি প্রশিক্ষণার্থীদের বিউটিফিকেশন, স্কিন কেয়ার, পার্লার পরিচালনা ও গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন Bangladesh Women Chamber of Commerce and Industry কুমিল্লা সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের কুমিল্লা সমন্বয়কারী নাগমা মোর্শেদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্ক কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহানা হকসহ বিভিন্ন সামাজিক ও নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার মোট ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা বিউটিফিকেশন, স্কিন কেয়ার, পার্লার ব্যবস্থাপনা এবং গ্রাহক সেবার আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন।
প্রশিক্ষক সাদিয়া তাজমিন দোলা বলেন, পার্লার ও বিউটিফিকেশন খাত বর্তমানে একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিকশিত হচ্ছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নারীরা এই খাতে উদ্যোক্তা হয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অতিথিরা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শহর ও গ্রামীণ পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে এসএমই ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়।
তারা আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা শুধু চাকরির সুযোগই নয়, নিজেরাই ছোট পরিসরে পার্লার ব্যবসা শুরু করতে পারবেন। এতে করে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে নারীদের উদ্যোক্তা হওয়ার পথও সুগম হবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। নারী উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।