ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করল বনদস্যু জাহাঙ্গীর বাহিনী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ মে, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

বিশ্ব ঐতিহ্য ও দেশের ফুসফুসখ্যাত সুন্দরবনে আবারও হানা দিয়েছে বনদস্যুরা। বনের গহীন নদী থেকে ট্রলারসহ ১২ জন সাধারণ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন এলাকার নদী থেকে সশস্ত্র অবস্থায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী এই অপহরণের ঘটনা ঘটায়। এই ঘটনার পর থেকে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃত জেলেরা হলেন— পাথরঘাটার রুহিতা এলাকার বাসিন্দা ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। অপহৃত এই জেলেদের সবার বাড়িই বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

নিরাপত্তার স্বার্থে নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার একজন মৎস্য ব্যবসায়ী ও জেলেদের মহাজন জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলারচর এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারে অতর্কিত সশস্ত্র হামলা চালায়। দস্যুরা এ সময় একটি ট্রলারসহ ১২ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বনের গহীনে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও জানান, সুন্দরবনের বর্তমান পরিস্থিতি বেশ থমথমে এবং ওই জাহাঙ্গীর বাহিনীর কবলে আরও বেশ কয়েকজন সাধারণ জেলে আটক ও জিম্মি অবস্থায় রয়েছেন। দস্যু দলের সদস্যরা সংখ্যায় ১৫ থেকে ১৬ জন ছিল এবং তাদের সবার গায়ে বিশেষ এক ধরনের পোশাক বা ইউনিফর্ম পরা ছিল বলে প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন।

এদিকে জেলে অপহরণের ঘটনা জানার পর সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গত রাতে দুবলারচর এলাকায় ট্রলারসহ ১২ জন জেলে অপহরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই দস্যুদের ধরতে এবং অপহৃতদের উদ্ধার করতে রাতেই বনরক্ষীদের একটি চৌকস দল সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ও সম্ভাব্য আস্তানায় বিশেষ অভিযানে নেমেছেন।" তবে এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান জোরদার রয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার ওসি মো. শামীমুল হক বলেন, "জেলেদের অপহরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি। তবে আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" সুন্দরবনে একের পর এক দস্যুতার ঘটনায় সাগরে ও সুন্দরবনের খালে অবস্থানরত জেলেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর