ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবকের মৃত্যু, গ্রামের বাড়িতে মাতম


  • আপলোড সময় : শুক্রবার ২২ মে, ২০২৬ সময় : ৫:৪৪ পিএম

মাদারীপুর প্রতিনিধি:

ভাগ্যের চাকা ঘোরাতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে ৯ লাখ টাকা খরচ করে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন এক বাংলাদেশি তরুণ। কিন্তু দালালের প্রতারণা আর লোভের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তাকে জীবনের চরম মূল্য দিতে হলো। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিতে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন মাদারীপুরের সেই যুবক। নিহত যুবকের নাম সুরুজ কাজী (২৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর বড় ছেলে। প্রত্যন্ত গ্রামের এই যুবকের আকস্মিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠেছে মাদারীপুরের দক্ষিণ খাগছাড়া গ্রামের বাতাস।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৯ মাস আগে উন্নত জীবনের আশায় প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের শরণাপন্ন হন সুরুজ কাজী। ভালো কাজের প্রলোভন দেখিয়ে দুলু মাতুব্বর সুরুজের পরিবারের কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর তাকে রাশিয়ায় পাঠানো হয়। রাশিয়ায় পৌঁছানোর পর প্রথম দিকে সুরুজ প্রতি মাসে মাত্র ৮০ হাজার টাকা বেতনে একটি সাধারণ কোম্পানিতে কাজ শুরু করেন। তবে সেই আয়ে দালালের পেছনে হওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। এই সুযোগটাই নেয় মানবপাচারকারী দালাল চক্র। চলতি মাসে দালালদের পক্ষ থেকে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রলুব্ধ করা হয় এবং জানানো হয় সেখানে অনেক বেশি বেতন ও সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

দালালদের এমন প্রলোভনে পড়ে পরিবারের অমতেই রুশ সেনাদের সহযোগী হিসেবে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে যোগ দেন সুরুজ। তবে সম্মুখ সমরে অস্ত্র হাতে যুদ্ধ না করলেও, তিনি যুদ্ধরত একটি সামরিক ক্যাম্পে বাবুর্চি বা রাঁধুনি হিসেবে কাজ করতেন। সেখানে অবস্থানরত সেনাসদস্যদের জন্য খাবার তৈরির দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু যুদ্ধক্ষেত্রের নির্মমতা থেকে শেষ রক্ষা হয়নি তার। সম্প্রতি সেই সামরিক ক্যাম্প লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে শক্তিশালী মাইন নিক্ষেপ করা হয়। ভয়াবহ সেই মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান সুরুজ কাজী।

মৃত্যুর পর প্রথম দিকে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সংশ্লিষ্ট দালাল চক্র। তবে রাশিয়ায় অবস্থানরত অন্য দুই বাংলাদেশি প্রবাসী যুবক মুঠোফোনের মাধ্যমে সুরুজের পরিবারকে এই মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার রাতে এই দুঃসংবাদটি গ্রামের বাড়িতে পৌঁছালে মুহূর্তের মধ্যে পুরো পরিবারে কান্নার রোল পড়ে। আদরের বড় ভাইকে হারিয়ে বোন শারমিন আক্তারের বুকফাটা আর্তনাদ আর মা নুর জাহান বেগমের আহাজারিতে প্রতিবেশীদের চোখেও জল চলে আসে। অন্যদিকে একমাত্র বড় ছেলেকে হারিয়ে বাবা সাহাবুদ্দিন কাজী যেন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।


এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর এবং তার সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। এলাকাবাসী ও নিহতের পরিবার এই মানবপাচারকারী দালাল চক্রের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, আমার বড় ছেলে এভাবে যুদ্ধক্ষেত্রে মারা যাবে, তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা এই প্রতারক দালালদের কঠোর বিচার চাই। একই সঙ্গে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেন দ্রুত আমার ছেলের লাশটি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। বড় বোন শারমিন আক্তার বলেন, বিদেশে যেতে আমরা নিষেধ করেছিলাম, কিন্তু দালাল চক্রের প্রলোভনে ভাই আমাদের কথা শোনেনি। সরকারের কাছে মিনতি করছি, আমার ভাইয়ের লাশটা যেন শেষবারের মতো আমরা দেখতে পাই।

এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবক সুরুজ কাজী নিহতের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে নিহতের মরদেহ দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর