কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেছে। এতে এক স্কুলছাত্রী ও এক নারীসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী। আজ শনিবার (২৩ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মণ্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছায়। এ সময় আচমকা বাসটির সামনে একটি ভ্যান চলে আসে। চলন্ত বাসটি ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক কষলে, বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির তীব্র ধাক্কা লাগে। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। খাদের পানি ও দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, “হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এছাড়া আহত অন্তত ২৫ জনকে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়েছিল। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, খোকসা থেকে আশঙ্কাজনক অবস্থায় যে চারজনকে এখানে আনা হয়েছিল, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। বাকি তিন পুরুষের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনার পর থেকে ঘাতক চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।ৃ