ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাভারে তথ্য সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক জখম,আটক ৪


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৪৭ পিএম

সাভারের রাজাশন আমতলা এলাকায় মাদকের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দেশ টিভি ও এসএ টিভির দুই সাংবাদিকসহ মোট চারজন গণমাধ্যমকর্মী। শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শামীম রেজা এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় জড়িত ৪ জনকে ইতিমধ্যে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় দুই সাংবাদিককে ছুরিকাঘাত করার পাশাপাশি পুরো টিমের ওপর এলোপাতাড়ি মারধর করা হয়। পরে হামলাকারীরা সাংবাদিকদের পার্শ্ববর্তী একটি অটোরিকশার গ্যারেজে আটকে রেখে জোরপূর্বক মুচলেকা নেওয়ার চেষ্টা করে। এ সময় দেশ টিভির ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ক্যামেরা ভাঙচুর করা হয় এবং সাংবাদিকদের কাছে থাকা মানিব্যাগ, নগদ টাকা, ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আক্রান্ত গণমাধ্যমকর্মীরা হলেন— দেশ টিভির সিনিয়র রিপোর্টার তায়েফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম, এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও গাড়িচালক জয়নাল।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, “সম্প্রতি শামীমকে নিয়ে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই সে আমার ওপর ক্ষুব্ধ ছিল। তুহিন ভাইয়ের অনুরোধে আজ অনুসন্ধানী প্রতিবেদনে সহযোগিতা করতে যাই। হামলার সময় শামীম আমার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয়। পরে তার সহযোগীরা আমাকে তিন দফা ছুরিকাঘাত করে, যার একটি আঘাত চোখের কোণে লাগে।”

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোনিয়া রহমান জানান, “আমরা দুইজন গুরুতর আহত রোগী পেয়েছি। তুহিনের অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও সাদ্দামের চোখে গুরুতর জখম রয়েছে। তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। আহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”


এ বিষয়ে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাভার ও আশুলিয়ার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম পরশ বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে শারীরিক আক্রমণ ও ভয়ভীতির মুখোমুখি হচ্ছেন, তা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। এতে সাংবাদিক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে সাংবাদিকদের জিম্মি করে তুলে নিয়ে অটোরিকশার গ্যারেজে আটকে রেখে নির্যাতন চালায়। হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তাদের পরনের কাপড়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শামীমসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত ১০ মে র‍্যাব একই এলাকায় অভিযান চালিয়ে শামীমের ৩ সহযোগীকে বিদেশি পিস্তল ও বিপুল মাদকসহ আটক করেছিল, তবে শামীম পালিয়ে যায়। শামীমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও লেখক, অ্যাডভোকেট মোঃ বাবুল মোড়ল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন বলেই সাধারণ মানুষ সত্য জানতে পারে। তাই সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা।


এ সম্পর্কিত আরো খবর