ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শ্রীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় এক লোমহর্ষক ও রহস্যজনক ঘটনার সৃষ্টি হয়েছে। শাকিলা আক্তার (২৭) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু আহাম্মদ (৩০) কে ঘটনাস্থল থেকেই আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আজ শনিবার (২৩ মে ২০২৬) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিলা আক্তার দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে। আনুমানিক এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্রে রংপুর জেলার কাউনিয়া এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদের সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে এই দম্পতি শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার জনৈক আমিনুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এবং স্থানীয় ‘ভিনটেক্স ডেনিম লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় একসাথে চাকরি করে আসছিলেন। বর্তমানে শাকিলা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে তাঁর বড় বোন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ঘরের ভেতর বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিহতের বড় বোনের দাবি, “শনিবার রাত সাড়ে তিনটার দিকে শাকিলা ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে রাজু আমাদের জানায়। কিন্তু স্বামী-স্ত্রী দুজনে তো একই ঘরে থাকতো। তাহলে শাকিলা যখন ঘরের ভেতর ফাঁসিতে ঝুলছিল, তখন রাজু কোথায় ছিল? সাত মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়ে কেন হুট করে আত্মহত্যা করবে? এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না।”

এদিকে আটককৃত স্বামী রাজু আহাম্মদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার ভিন্ন এক বিবরণ দিয়েছেন। রাজুর দাবি, “রাতে আমাদের দুজনের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে তীব্র ঝগড়া ও বাদানুবাদ হয়। ঝগড়ার এক পর্যায়ে শাকিলা চরম উত্তেজিত হয়ে ঘর থেকে বটি এনে আমার গলায় আঘাত করার চেষ্টা করে। আমি নিজের প্রাণ বাঁচাতে ঘর থেকে দ্রুত বের হয়ে আসি এবং শাকিলাকে ঘরের ভেতর রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দিই। এরপর আমি রাগ করে বাড়ির ছাদে চলে যাই। কিছু সময় পর ছাদ থেকে নেমে ঘরের দরজা খুলে ভেতরে এসে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।”

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের স্বামীর দেওয়া বক্তব্য এবং পারিপার্শ্বিক আলামতের মধ্যে কিছু অমিল থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।”

এসআই ওবায়দুল হক আরও জানান, নিহতের স্বজনদের সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্তঃসত্ত্বা নারীর এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় আনসার রোড এলাকায় গভীর শোক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর