শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনাও দেওয়া হয়।
রবিবার (২৪ মে-২০২৬) বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, মানসিক বিকাশ এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, এসব শিশুকে অবহেলা নয়, বরং ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
মীর শাহে আলম আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া শিশুদের সহায়তায় সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ তাদের দৈনন্দিন জীবন ও শিক্ষাজীবনকে আরও সহজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে বিতরণ করা হয়। ডিভাইস পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। অভিভাবকরা সরকারের এমন উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন শ্রেষ্ঠ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আকাশজমিন / আরআর