রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ী রনি মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রনি মিয়া সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ থানার গিলাচরা গ্রামের আয়েত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ফলের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে ভোরে রনি মিয়া ভুলতা গাউছিয়া ফলের আড়ত থেকে ফল কিনতে যাওয়ার পথে তারাবো উত্তরপাড়া মফিজুল ভূঁইয়ার বাড়ির সামনে আগে থেকে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র—রামদা, চাপাতি, ছুরি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় তার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা লুট করে নেয় হামলাকারীরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে নিহত রনি মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী রাশিদা বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় নিহতের বড় বোন নাছরিন আক্তার বাদী হয়ে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২৩), সিয়াম (২৪), শরিফ মিয়া (৩০), সূর্য (১৯), জিসান মিয়া (২১), শ্রাবণ মিয়া (২৫) ও জয় আহমেদ (২৯) সহ নামীয় এবং অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।