ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাটকেলঘাটায় তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৫ মে, ২০২৬ সময় : ১০:৫০ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্য খাইরুল কাগজীর (৪৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত খাইরুল কাগজী খলিশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। পাশাপাশি তিনি খলিষখালি ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি গণেশপুর গ্রামের খালেক কাগজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি তালগাছে উঠে তাল কাটছিলেন খাইরুল কাগজী। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। পড়ে গিয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন।

পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী তার বাড়িতে ভিড় করেন।

স্থানীয়রা জানান, খাইরুল কাগজী এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। সাবেক ইউপি সদস্য হিসেবে দীর্ঘদিন তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন উদ্যোগেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

খলিষখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে খাইরুল কাগজীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা খাইরুল কাগজীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, তার মৃত্যুতে এলাকায় একজন অভিজ্ঞ ও জনবান্ধব মানুষকে হারালো।


এ সম্পর্কিত আরো খবর