রংপুর বিভাগের সরকারি হাসপাতালগুলোতে অন্তত ২০ জন চিকিৎসক বছরের পর বছর ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কেউ বিদেশে বসবাস করছেন, কেউ বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন, আবার কারও অবস্থানই জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি চাকরিবিধিতে দুই মাসের বেশি অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বিভাগীয় ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও অনেক ক্ষেত্রে ছয় থেকে ১০ বছর পার হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পদগুলো কার্যত আটকে থাকায় নতুন চিকিৎসক নিয়োগও দেয়া যাচ্ছে না।
এতে স্বাস্থ্যসেবা সংকট আরও বাড়ছে রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ ৪২টি। সেখানে কাগজে-কলমে কর্মরত রয়েছেন ১৯ জন। তবে নিয়মিত সেবা দিচ্ছেন মাত্র ১৪ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল অফিসার ডা. শাহেদুর রহমান ২০১৯ সালের ১৩ জানুয়ারি, ডা. আব্দুল কাদের তালুকদার একই বছরের ৫ মার্চ এবং ডা. আবু সাদাত মো. সায়েদ শরীফ ২৬ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফুল কবীর বলেন, তার যোগদানের পর থেকেই ওই তিন চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ডা. আব্দুল কাদের তালুকদার বর্তমানে রংপুর নগরীর ধাপ এলাকায় তার মালিকানাধীন তালুকদার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। কেন সরকারি কর্মস্থলে যাচ্ছেন না, এ প্রশ্নে তিনি বলেন, তাকে দূরে বদলি করা হয়েছিল এবং পদোন্নতি দেয়া হয়নি। এজন্য আর সেখানে যাননি। অন্যদিকে ডা. শাহেদুর রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি বোদা হাসপাতাল ও পঞ্চগড় জেলা সিভিল সার্জন অফিস। আরেক চিকিৎসক ডা. আবু সাদাত মো. সায়েদ শরীফ (পাভেল) প্রায় ছয় বছর আগে সপরিবারে কানাডায় চলে গেছেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
শুধু পঞ্চগড় নয়, একই চিত্র রংপুর বিভাগের অন্যান্য জেলাতেও। দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনন্যা রায় প্রায় ১০ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি বর্তমানে পরিবারসহ জাপানে অবস্থান করছেন। রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আ.ন.ম.কায়সার আনামও ছয় বছর ধরে কর্মস্থলে নেই। স্বজনদের ভাষ্য, তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন। রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান আসাদ প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে ঢাকার সিকেডি ইউরোলজি (CKD Urology) হাসপাতালে কর্মরত রয়েছেন।
ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন সরকারি হাসপাতালেও দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন আরও অন্তত ১০ জন চিকিৎসক। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, বিভাগে প্রায় ২০ জন চিকিৎসক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জহিদ রায়হান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর महानগরের সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট বলেন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে এসব চিকিৎসক রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি ব্যবস্থাও নেয়া উচিত। দ্রুত ব্যবস্থা না নিলে নতুন চিকিৎসক নিয়োগ সম্ভব হবে না এবং সরকারি স্বাস্থ্যসেবার সংকট আরও গভীর হবে।