ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাতক্ষীরায় বিজিবি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ জুন, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

সাতক্ষীরা  প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিজিবি সদস্য জি.এম মোস্তাফিজুর রহমান শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি গ্রামের বাসিন্দা জি.এম মোস্তাফিজুর রহমান রোববার (৩১ মে) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াতে যান। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরেরা বসতবাড়ির মূল ফটক ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চোরেরা শয়নকক্ষের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে একটি নেকলেস, দুটি রুলি, এক জোড়া কানের দুল, এক জোড়া রিং দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন এবং পাঁচটি নাকফুল। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলমারিতে রাখা দুটি প্লাস্টিকের পাত্র থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ড্রয়ার থেকে ২১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। একই সঙ্গে জনতা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তাদের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ ধারণ হয়েছে, যা আইন-শৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করতে পারে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ পিয়ার উদ্দীন বলেন, বিজিবি সদস্যের বাড়িতে চুরির ঘটনায়  লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই এসআই আমিরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজটি আমাদের হাতে এসেছে এবং পুলিশ সেটি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।


এ সম্পর্কিত আরো খবর