ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঘুমন্ত চালকের বেপরোয়া গতিতে বাস উল্টে নিহত ১, আহত ১৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৪:১৮ পিএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বাস চালানোর কারণে যাত্রীবাহী একটি নাইট কোচ উল্টে লিজা আক্তার (৩০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কিশোরগঞ্জ থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী আফরোজা পরিবহনের একটি বাস ছেড়ে আসে। যাত্রাপথে বাসটির চালকের চোখে ঘুম লক্ষ্য করেন একাধিক যাত্রী। অভিযোগ রয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাচ্ছিলেন।

বাসটি দেবিদ্বারের ভিড়াল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই লিজা আক্তারের মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী। জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত সাতজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে চালক ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মীরপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম রাজিব জানান, দুর্ঘটনার পর ভোর ৪টার দিকে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দূরপাল্লার বাসচালকদের বিশ্রাম ও নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।


এ সম্পর্কিত আরো খবর