ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কুমিল্লার নতুন নগর ভবন নিয়ে মতবিরোধ, নাগরিকদের মতামত গ্রহণ


  • আপলোড সময় : বুধবার ১০ জুন, ২০২৬ সময় : ১০:২৩ এএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবন নির্মাণকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে নাগরিকদের মতামত গ্রহণ ও বিষয়টি পর্যালোচনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন নগর ভবন নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষ তাদের অবস্থান তুলে ধরেন। একপক্ষ বর্তমান ঐতিহাসিক স্থানেই নতুন ভবন নির্মাণের দাবি জানান, অন্যপক্ষ নগরের দক্ষিণাঞ্চলের ছোট ধর্মপুর এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন নগর ভবন নির্মাণের পক্ষে মত দেন।

সূত্র জানায়, কুমিল্লা পৌরসভার প্রায় দেড়শ বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছেন নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

তাদের বক্তব্য অনুযায়ী, ১৮৬৪ সালের ৩০ নভেম্বর যে স্থানে কুমিল্লা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐতিহাসিক স্থান থেকেই দীর্ঘদিন ধরে নাগরিক সেবা পরিচালিত হয়ে আসছে। ফলে নগর ভবনের অবস্থান পরিবর্তন না করে ঐতিহ্যবাহী স্থানেই আধুনিক ও বহুতল ভবন নির্মাণ করা উচিত।

সভার শুরুতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম তদন্ত কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরে বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বর্তমান স্থানে নতুন নগর ভবন নির্মাণের পক্ষে আবেদন করেছেন। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ছোট ধর্মপুর এলাকায় নতুন নগর ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। এ দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সরেজমিন তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, “আমি তদন্তের দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের মতামত শুনব, তা লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।”

সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বর্তমান স্থানে নগর ভবন নির্মাণের পক্ষে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, আবুল হাসনাত বাবুল, মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল এবং মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেনসহ অনেকে।

অন্যদিকে ছোট ধর্মপুর এলাকায় নতুন নগর ভবন নির্মাণের পক্ষে মতামত দেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন।

জানা গেছে, নতুন নগর ভবন নির্মাণসংক্রান্ত বিষয়টি নিয়ে মতবিরোধ সৃষ্টি হওয়ায় এবং সংসদ সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পের দরপত্র কার্যক্রম, টেন্ডার সিডিউল বিক্রি ও জমা গ্রহণ আপাতত স্থগিত রয়েছে। সভায় অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত শেষ করে টেন্ডার কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান।

সভায় বক্তারা বলেন, নগরবাসীর দীর্ঘমেয়াদি স্বার্থ, নাগরিক সেবার সহজলভ্যতা এবং কুমিল্লার ঐতিহাসিক ঐতিহ্য বিবেচনায় রেখে নতুন নগর ভবনের স্থান নির্ধারণ করা প্রয়োজন।


এ সম্পর্কিত আরো খবর