অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চলমান ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ ‘শেষ ৩২’-এর টিকিট নিশ্চিত করেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে তখন কেবল গ্রুপ-সেরা হওয়ার সমীকরণ মেলানোর অপেক্ষা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। আজ ‘জে’ গ্রুপের অন্য একটি ম্যাচে আলজেরিয়ার কাছে জর্ডান পরাজিত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে লিওনেল মেসির দলের। আর আর্জেন্টিনা গ্রুপ-সেরা হওয়ার পর থেকেই ফুটবল দুনিয়ায় জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে—নকআউট পর্বের প্রথম বাধা হিসেবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কোন দল?
বিশ্বকাপের অফিশিয়াল ড্র এবং টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। বর্তমান পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ে। যদি বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকে, তবে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে।
তবে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা এখনো বাকি থাকায় এখনই উরুগুয়েকে আর্জেন্টিনার চূড়ান্ত প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত বলা যাচ্ছে না। কারণ ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে একই গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে পাল্টে যেতে পারে পুরো দৃশ্যপট। সেক্ষেত্রে উরুগুয়ের পাশাপাশি স্পেন, কেপ ভার্দে কিংবা এশিয়ার পরাশক্তি সৌদি আরবও শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে চলে আসতে পারে।
গ্রুপ পর্বের শেষ মুহূর্তের এই সমীকরণগুলো বেশ জটিল এবং প্রতিটি ম্যাচের চুলচেরা ফলাফলের ওপর নির্ভরশীল। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী কী সমীকরণে আর্জেন্টিনার প্রতিপক্ষ বদলে যেতে পারে—
১. স্পেন যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে:
শেষ ম্যাচে উরুগুয়ে যদি স্পেনকে পরাজিত করে এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যকার খেলাটি ড্র হয়।
উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব কেপ ভার্দেকে হারিয়ে দেয়। এই দুই সমীকরণে স্পেন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
২. কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে:
শেষ রাউন্ডে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং একই সাথে কেপ ভার্দে নিজেদের ম্যাচে সৌদি আরবকে পরাজিত করতে পারে।
যদি স্পেন উরুগুয়েকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের খেলাটি অমীমাংসিত বা ড্র হয়।
৩. সৌদি আরব যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে:
স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং পাশাপাশি সৌদি আরব নিজেদের শেষ ম্যাচে কেপ ভার্দেকে বড় ব্যবধানে পরাজিত করে।
স্পেন ও উরুগুয়ের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি যদি ড্র হয় এবং অন্য ম্যাচে সৌদি আরব যদি কেপ ভার্দেকে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেয়।ৃ