শিবগঞ্জ-মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন কাজ দ্রুত ও নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও উন্নয়নকামী সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান যাদুঘরের কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। ব্যানারে “ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান” লেখা ছিল। পাশাপাশি প্ল্যাকার্ডে “মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই” এবং “আমার টাকায় আমার উন্নয়ন বাধা দিচ্ছে কে”—এমন স্লোগান দেখা যায়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক এবং মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহাস্থান মাজার মসজিদ শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা। স্থানীয়দের অনুদান ও অর্থায়নে মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু সিদ্ধান্ত ও বাধার কারণে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে যেকোনো ধরনের জটিলতা ও বাধা দ্রুত দূর করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।