ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পানামাকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে ইংল্যান্ড


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৯:১৩ এএম

দিন তিনেক আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ফুটবল বিশ্বে বড়সড় এক চমক সৃষ্টি করেছিল ইকুয়েডর। ঠিক সেই নিউজার্সি স্টেডিয়ামে এবার ইংল্যান্ডের বিপক্ষে তেমন কোনো অঘটনের আভাসই দিচ্ছিল পানামা। কিন্তু শেষ পর্যন্ত লড়াকু ফুটবল খেলেও রূপকথা তৈরি করা সম্ভব হয়নি তাদের পক্ষে। মাঠের লড়াইয়ে আধিপত্য বজায় রেখে ২-০ গোলের সহজ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই থমাস টুখেলের শিষ্যরা পানামার রক্ষণভাগকে তটস্থ করে রেখেছিল। একের পর এক আক্রমণ সাজালেও প্রথমার্ধে জালের দেখা পায়নি ইংলিশ স্ট্রাইকাররা। অন্যদিকে নিজেদের ডিফেন্স সামলে রেখে মাঝে-মধ্যেই প্রতিআক্রমণে উঠছিল পানামা, যা প্রথমার্ধে ইংলিশ শিবিরের কপালে বেশ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল।

আসলে টুর্নামেন্ট থেকে আগেভাগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে পানামার হারানোর কিছুই ছিল না। বিপরীতে ইংল্যান্ডের পরের রাউন্ডের টিকিট আগেই নিশ্চিত থাকলেও, এই লড়াইটি ছিল মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ফলে তুলনামূলক দুর্বল পানামার বিপক্ষে পয়েন্ট হারালে ইংলিশদের দলগত মর্যাদা ও আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগার শঙ্কা ছিল। আর সে কারণেই যতক্ষণ না প্রথম গোলটি আসছিল, ততক্ষণ গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকরা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন।

অবশেষে ম্যাচের ৬২ মিনিটে ইংল্যান্ডকে সেই কাঙ্ক্ষিত স্বস্তি এনে দেন জুড বেলিংহাম। একটি চমৎকার কর্নার থেকে পানামার ডি-বক্সের ভেতর তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে বাম পায়ের নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়ান তিনি। বল গোললাইন অতিক্রম করতেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন ইংলিশ সমর্থকেরা। মুহূর্তের মধ্যেই পুরো নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ গানে মুখরিত হয়ে ওঠে।

গোল খেয়ে পানামা যখন কিছুটা দিশেহারা, ঠিক তার মিনিট পাঁচেক পরেই ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে ব্যস্ত রাখা এই তারকা স্ট্রাইকার ৬৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এবারও কর্নার থেকে ওড়া বল নিয়ন্ত্রণে রাখতে ম্যান মার্কিংয়ে বড় ভুল করে বসে পানামার ডিফেন্ডাররা। সেই সুযোগে হ্যারি কেইন দারুণ দক্ষতায় শূন্যে লাফিয়ে অসাধারণ এক হেডে পরাস্ত করেন পানামার গোলরক্ষককে। দলের দ্বিতীয় গোলের পর নিউজার্সি স্টেডিয়াম আবারও ইংলিশ সমর্থকদের গগনবিদারী উল্লাসে কেঁপে ওঠে।

খেলার প্রথম ৬০ মিনিট পর্যন্ত প্রায় সমানতালে লড়াই করা মধ্য আমেরিকার দেশ পানামা মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়। ম্যাচের বাকিটা সময় তারা অনেকটা পরিকল্পনাহীন ফুটবল খেলেছে। অন্যদিকে দলের জয় নিশ্চিত বুঝে ইংলিশ কোচ টুখেল বেঞ্চের ফুটবলারদের মাঠে নামিয়ে কিছুটা পরখ করে নেওয়ার সুযোগ নেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই গ্রুপসেরা হিসেবে মাঠ ছাড়ে ইংল্যান্ড।


এ সম্পর্কিত আরো খবর