ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিন ঘণ্টা বন্ধ ঢাকা-বরিশাল মহাসড়ক

ভাঙ্গায় আধিপত্যের সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ৬০


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৮:৪০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ সদস্য, রাজনীতিক ও সাংবাদিকসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল, ফলে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হামিরদী ও মানিকদহ ইউনিয়নের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১টি গ্রামের বাসিন্দা এবং মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া মৌজার পাঁচটি গ্রামের মানুষের মধ্যে পুখুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় পুখুরিয়া বাসস্ট্যান্ডে মহেশ্বরদী গ্রামের আব্দুল কালাম নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রোববার সকাল ৭টার দিকে মহেশ্বরদী এলাকার লোকজন পুখুরিয়া বাসস্ট্যান্ডে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অংশ নেওয়া উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। পাশের রেললাইন থেকে পাথর এনে একে অপরের দিকে নিক্ষেপ করা হয়। এ সময় বাসস্ট্যান্ডের কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে শত শত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দেয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, বিকেল ৩টা পর্যন্ত ৩০ জন আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজোয়ান দিপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পুলিশের তিন উপপরিদর্শক শাহ আলম, মিজানুর রহমান ও মো. আসাদ এবং চার কনস্টেবল সালাউদ্দিন, রাজীব, নাসিব ও মো. কামরুল রয়েছেন।

এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন এবং সাংবাদিক মো. রমজান সিকদার, সাইফুল ইসলাম ও আব্দুল মান্নানও সংঘর্ষে আহত হয়েছেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হলে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং মহাসড়কে যান চলাচল পুনরায় চালু হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর