আন্তর্জাতিক
ডেস্ক
বিশ্বকাপ ফুটবল মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে হরেক রকম বৈচিত্র্য আর রোমাঞ্চকর গল্পের সমাহার। চলমান বিশ্বমঞ্চে গতকালের আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন ইয়ার্ডসে দেখা গেল তেমনই এক অভিনব ও চোখধাঁধানো স্থাপত্য। খেলা দেখার জন্য নির্ধারিত ফ্যান জোনের বিশাল পর্দার ঠিক সামনেই তৈরি করা হয়েছে এই বিশেষ স্থাপনা, যার চারপাশ মুড়িয়ে দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের রঙিন পতাকায়।
দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো বহুতল ভবন, তবে এটি প্রথাগত ইট-পাথর কিংবা সিমেন্ট দিয়ে তৈরি কোনো স্থায়ী ইমারত নয়। লোহা ও অন্যান্য উপাদান আলাদাভাবে নিখুঁতভাবে জুড়ে দিয়ে কয়েক তলা সুউচ্চ এই অস্থায়ী কাঠামোটি দাঁড় করানো হয়েছে। এই স্থাপনার প্রতিটি স্তরে স্থান পেয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় পতাকা, যা বাইরে থেকে দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন ও অপূর্ব লাগছে। খেলা দেখতে আসা ফুটবলপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের মাঝে এখন এই কাঠামোর সামনে দাঁড়িয়ে ছবি বা সেলফি তোলার ধুম পড়ে গেছে।
হাডসন ইয়ার্ডসের ফ্যান জোনে খেলা দেখতে আসা দর্শকরা ম্যাচ শুরুর বেশ খানিকটা আগেই অনুষ্ঠানস্থলে হাজির হচ্ছেন। এর মূল উদ্দেশ্য হলো, বিশেষভাবে নির্মিত এই সুউচ্চ স্থাপনার ওপর দাঁড়িয়ে নিউইয়র্ক শহরকে এক ভিন্ন ও মনোরম রূপে প্রত্যক্ষ করা। তবে এই স্থাপনায় ওঠার জন্য প্রাপ্তবয়স্ক প্রত্যেক দর্শনার্থীকে গুণতে হচ্ছে ১০ মার্কিন ডলার। আর পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ঠিক অর্ধেক, অর্থাৎ ৫ ডলার।
হাডসন ইয়ার্ডসের মূল ফ্যান জোনটি আয়তনে খুব বেশি বড় নয়। মূল পর্দার সামনে সাজানো চেয়ার ও বেঞ্চে বসে একসঙ্গে মাত্র কয়েকশ মানুষ খেলা উপভোগ করতে পারেন। এই জোনের পাশেই শিশুদের বিনোদনের জন্য একটি সুন্দর খেলার জায়গা রাখা হয়েছে, যেখানে শিশুদের পাশাপাশি বড়দেরও মেতে উঠতে দেখা যায়। তবে স্ক্রিনের সামনের প্রশস্ত রাস্তায় দাঁড়িয়ে কিংবা বসে বড় পর্দায় খেলা দেখেন প্রায় হাজার খানেক ফুটবলপ্রেমী। রাস্তার একপাশে বড় বড় বেঞ্চ পেতে রাখা হয়েছে, যেখানে দর্শকরা স্বাচ্ছন্দ্যে বসে বা বিশ্রাম নিয়ে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এসব বেঞ্চের চারপাশে সবুজ গাছপালা থাকায় প্রচণ্ড উত্তেজনার মাঝেও দর্শকরা কিছুটা প্রশান্তির হাওয়া পাচ্ছেন।
খেলা দেখা কিংবা পতাকায় মোড়ানো বহুতল স্থাপত্য দেখার পাশাপাশি এই প্রাঙ্গণে চলছে জমজমাট বাণিজ্যিক কার্যক্রমও। ফ্যান জোনের ভেতরেই স্থাপন করা হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার অফিশিয়াল শোরুম। যেখান থেকে খেলা দেখতে আসা দর্শকরা নিজেদের পছন্দ অনুযায়ী অফিসিয়াল ফুটবল, মগ কিংবা বিশ্বকাপের বিভিন্ন স্মারক ও স্যুভেনির নির্ধারিত মূল্যে সংগ্রহ করতে পারছেন। সব মিলিয়ে নিউইয়র্কের এই ফ্যান জোন এখন ফুটবল উন্মাদনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
আকাশজমিন / আরআর