বিএনপির নেতৃত্বে বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর অসামান্য ভূমিকা ছিল উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অর্জিত গণতন্ত্রকে টেকসই রূপ দিতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখা জরুরি।
আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য নিয়ে মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এখনো ৬ মাসও পূর্ণ হয়নি। একটি নতুন সরকারের কাজকে সঠিকভাবে মূল্যায়নের জন্য ন্যূনতম সময় দেওয়া উচিত, অথচ কিছু দল এখনি সরকার উৎখাত করে ক্ষমতার মসনদে বসতে চায়।”
সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, “আগামী ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ যারা সুগম করতে চায়, এর যাবতীয় দায়-দায়িত্ব তাদেরই বহন করতে হবে। দেশের সচেতন জনগণ বিগত দিনগুলোতে রাজপথে থেকে সকল চক্রান্ত নস্যাৎ করেছে, ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে।”
বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলমসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।