দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে প্রতিনিয়ত তৈরি হওয়া নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের হাতে আধুনিক জ্ঞান ও সঠিক দক্ষতা তুলে দেওয়া রাষ্ট্রের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি অতিথি ও তরুণ প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য যেমন আশীর্বাদ, তেমনি এটি নতুন কিছু সংকটও নিয়ে এসেছে। প্রযুক্তির এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।”
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে নতুন প্রযুক্তির যুগে তরুণদের দক্ষতা অর্জনে মূল নজর দেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, “কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সাথে এখন প্রযুক্তিভিত্তিক সংকট যুক্ত হচ্ছে।” এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে কাজ করে যাচ্ছে। -বাসস