দেশে গণিত চর্চাকে আরও জনপ্রিয় করা এবং গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়ার দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এই সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা বিশ্বমঞ্চে গণিত অলিম্পিয়াডে তাদের তীব্র প্রতিযোগিতা, অভিজ্ঞতা ও সাফল্যের গল্প প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বিশ্বজয়ের এই ধারা অব্যাহত রাখার শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের দূরদূরান্তে গণিত অলিম্পিয়াডের আলো পৌঁছে দিতে একটি সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হয়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই উদ্যোগে সার্বিক সমর্থনের কথা জানান। এর পাশাপাশি স্কুল পর্যায়ে অলিম্পিয়াডের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি প্রকাশ করেন।
বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে ঐতিহ্যগত ধারার বাইরে গিয়ে স্কুলপর্যায়ে প্রয়োগমুখী বা 'অ্যাকটিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিক্স' চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতে ইতিবাচক মতামত দেন। এ ছাড়া গণিত শিক্ষকদের গুণগত দক্ষতা ও মান যাচাইয়ে ইংরেজি দক্ষতার আন্তর্জাতিক পরীক্ষা 'আইইএলটিএস' (IELTS)-এর আদলে পৃথক একটি 'গণিত দক্ষতা যাচাই পরীক্ষা' প্রবর্তনের প্রস্তাব উপস্থাপন করা হলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন তিনি।
উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (আইএমও ও ইজিএমও ব্রোঞ্জ বিজয়ী), চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (আইএমও রৌপ্য বিজয়ী), ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী (আইএমও ব্রোঞ্জ বিজয়ী), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান (আইএমও ব্রোঞ্জ বিজয়ী), আনন্দ মোহন কলেজের তাহসিন খান (আইএমও ব্রোঞ্জ বিজয়ী), রাজউক উত্তরা মডেল স্কুলের এম. জামিউল হোসেন (আইএমও ব্রোঞ্জ বিজয়ী) এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাজি সেহনাই (ইজিএমও ব্রোঞ্জ বিজয়ী)।