১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তা সংক্রান্ত এই তথ্যাদি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে এই দিনটিকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারে র্যাবের নেওয়া বিশেষ পদক্ষেপগুলো হলো:
ঝুঁকি পর্যালোচনা ও পরিকল্পনা: প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করছে।
সংবেদনশীল স্থানে নজরদারি: গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনের ওপর নজরদারি: বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সমন্বিত নিরাপত্তা: র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, এসএসএফ এবং অন্যান্য আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
সাইবার পেট্রোলিং ও সাইবার নিরাপত্তা: সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক পোস্ট বা বিভ্রান্তিকর অপপ্রচার রুখতে র্যা বের সাইবার মনিটরিং ইউনিট ২৪ ঘণ্টা সাইবার পেট্রোলিং জোরদার করেছে।
বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত: কোনো স্থানে বিস্ফোরক বা সন্দেহজনক দ্রব্যাদি পাওয়া গেলে দ্রুততম সময়ে নিস্ক্রিয় করার জন্য র্যাবের বোম্ব ডিসপোজাল টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব ফোর্সেসের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ চোখে পড়লে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।