ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমজমাট রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষা: ইসি ভবনে প্রস্তাব জমা পড়ল ৩টি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর শরিকদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।


মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা পার হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, "নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা মোট তিনটি মনোনয়নপত্র গ্রহণ করেছি। এর মধ্যে কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে থাকছেন দুজন।"


অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, "তারা দুটি মনোনয়নপত্র কেন জমা দিয়েছেন তা উনারাই ভালো বলতে পারবেন। তবে নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী, ১৬ আগস্ট যাচাই-বাছাইয়ের সময় প্রথম মনোনয়নপত্রটি বৈধ বলে গৃহীত হলে দ্বিতীয়টি আর বাছাই করার প্রয়োজন পড়বে না।"


ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রসমূহের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য ওই দিন জাতীয় সংসদ সচিবালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।


ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সুযোগ থাকবে। পরবর্তীতে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর