কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পল্টু মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মসজিদের পাশের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানয়ীরা কটিয়াদী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের পুকুরপাড় থেকে নিহতের ব্যবহৃত একটি বাজারের ব্যাগ পাওয়া গেছে, যার ভেতরে কিছু কাপড়চোপড় রাখা ছিল। তবে বাজিতপুরের বাসিন্দা পল্টু মিয়া ঠিক কী কারণে কটিয়াদীতে এসেছিলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ বের করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।