ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ আগস্ট কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, কটিয়াদীতে মৎস্য পক্ষের উদ্বোধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। এই সফরকালে তিনি জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কিশোরগঞ্জ সদরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চৌরাস্তা এলাকায় 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।


এরপর দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে রওয়ানা হয়ে দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদী উপজেলার ঐতিহাসিক আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী।


বেলা পৌনে ২টার দিকে তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এবং জেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।


বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়াম মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠান থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন আর্থিক অনুদান প্রদান এবং মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের সেবায়েতদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।


কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কিশোরগঞ্জ জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফরের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে কটিয়াদীতে জাতীয় পর্যায়ের মৎস্য কর্মসূচির আয়োজনকে জেলার মৎস্য খাতের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা।


এ সম্পর্কিত আরো খবর