সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী ও এর শাখা নদীতে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে নদী থেকে জব্দ করা প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা ব্যাপী উপজেলার জামির্ত্তা ইউনিয়ন সংলগ্ন ধলেশ্বরী নদী ও শাখা নদীগুলোতে এই সাঁড়াশি অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। এ সময় নদী থেকে বেআইনিভাবে ব্যবহৃত ৫০টি চায়না দুয়ারী জাল, ৪০টি বেহুন্দি জাল এবং প্রায় ৫০০ মিটার কারেন্ট জালসহ মোট ৩ হাজার মিটার অবৈধ ফাঁদ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত সমস্ত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, চান্দহর ইউনিয়নের প্রতিনিধি মো. ফুতুন মিয়া পুতুন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, দেশীয় প্রজাতির প্রজনন নিরাপদ রাখা এবং অবৈধভাবে পোনা ও মা মাছ নিধন চিরতরে বন্ধ করতে উপজেলা প্রশাসনের এই কঠোর আইনি পদক্ষেপ ও নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।