দেশে ভয়াবহ হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে এই রোগে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনেরই মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। একই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮০ জন এবং নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ২১ জনের শরীরে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ও প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি আগস্ট পর্যন্ত সময়কালে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ৮০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই মেয়াদে গবেষণাগারে পরীক্ষিত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ জন শিশু। ফলে এই পাঁচ মাসে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৮০ জনসহ গত মার্চ মাস থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১৭ হাজার ৮৮০ জনের শরীরে ল্যাব-পরীক্ষিত হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, ২৪ ঘণ্টায় ১ হাজার ২১ জনসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন রোগীর দেহে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন শিশু। এর মধ্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন। সার্বিক পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের দ্রততম সময়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।