ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সব মামলায় জামিন শেষে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৪ পিএম

সব মামলায় জামিন পাওয়ার পর কেরাণীগঞ্জের বিশেষ কারাগার থেকে কারামুক্ত হয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেলের দিকে তাঁকে কেরাণীগঞ্জ বিশেষ কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

সাবেক এই প্রধান বিচারপতির কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, ‘বুধবার বিকেলে সাবেক প্রধান বিচারপতিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। কারামুক্তির পর তিনি সরাসরি তাঁর নিজ বাসভবনে পৌঁছেছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।’

এর আগে গত ১৭ আগস্ট তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সবশেষ মামলাটিতে খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার আদালতের উক্ত আদেশের পরেই যেকোনো সময় তাঁর কারামুক্তির আইনি পথ সুগম হয় বলে সেদিন সাংবাদিকদের জানিয়েছিলেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই জামিন আদেশ মঞ্জুর করেন।

এরও আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বহুল আলোচিত খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আদেশ বহাল রেখেছিলেন চেম্বার আদালত। তবে ওই জামিনের পরপরই বনানী থানার অন্য একটি মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়। উল্লেখ্য, গত ৩০ জুন যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় তাঁকে প্রথম জামিন দিয়েছিলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। পরবর্তীকালে হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পরপরই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

উক্ত খোয়াইব হত্যা মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী–সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হতে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ফায়ারিংয়ের মুখে পড়ে গুরুতর আহত হন খোয়াইব। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উক্ত মর্মান্তিক ঘটনার পর ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮০ জনকে আসামি করা হয়েছিল।

প্রসঙ্গতঃ গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির নিজ বাসভবন থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর থেকে তাঁকে একে একে বিভিন্ন থানায় দায়ের করা ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সব মামলায় পর্যায়ক্রমে জামিন পাওয়ার পর অবশেষে মুক্তি পেলেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর