মুক্তির আগেই বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়ল দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুন এবং প্রখ্যাত নির্মাতা অ্যাটলি কুমার জুটির নতুন সিনেমা ‘রাকা’। এখনো পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সিনেমাটি জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাফল্যের কথা ঘোষণা করে।
‘মোস্ট পিওপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বা একযোগে রিয়েল-টাইম মোশন ক্যাপচারের ক্ষেত্রে অভিনব রেকর্ড গড়েছে ‘রাকা’। সিনেমাটির দৃশ্যধারণের কাজ আরও নিখুঁত ও আধুনিক করতে একযোগে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়েছে। আর প্রযুক্তির এই তাক লাগানো ব্যবহারের ফলেই মিলল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। এর স্বীকৃতিস্বরূপ অভিনেতা আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।
বিশেষ এই অর্জনের ঘোষণাটি এসেছে পরিচালক অ্যাটলির জন্মদিনের দিনেই। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে পরিচালককে শুভেচ্ছা জানান আল্লু অর্জুন। জানা গেছে, এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে মুক্তি পেয়েছিল সিনেমাটির প্রথম ঝলক। সেখানে অভিনেতার আদিম ও যোদ্ধা সুলভ লুক দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছিল।
‘রাকা’ সিনেমার ভিএফএক্স এবং মোশন ক্যাপচারের কাজকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ প্রযুক্তিবিদদের যুক্ত করা হয়েছে। এমনকি সিনেমাটির ভিএফএক্স টিমে কাজ করছেন ‘আয়রন ম্যান টু’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো বিশ্বখ্যাত হলিউড প্রজেক্টের ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। প্রযুক্তির এই বিশাল কর্মযজ্ঞ ভারতীয় সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।