সৌদি
আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা
অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় গুলশান-বনানী এলাকার অভিজাত ওই হোটেলে আয়োজিত
এ অনুষ্ঠানে তিনি সৌদি রাজপরিবারের প্রতি শুভেচ্ছা ও সৌহার্দ্য জানান।
অনুষ্ঠানে
জামায়াতের আমির বাংলাদেশের পক্ষ থেকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের উদ্দেশ্যে
একটি আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র প্রণয়ন করেন এবং তা বাংলাদেশে নিযুক্ত
সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর
বিন আবিয়াহর হাতে তুলে দেন। চিঠিতে সৌদি সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের
প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা
জ্ঞাপন করা হয়।
চিঠিতে
পবিত্র মক্কা ও মদিনার দুই
মসজিদের খেদমত এবং বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের হজ ও ওমরাহ
পালনে সৌদি কর্তৃপক্ষের অসাধারণ ও আন্তরিক সেবামূলক
কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়। এছাড়া দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সুদৃঢ় ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের
ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করা হয়। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের দেশটিতে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি নাগরিক দুই দেশের অর্থনীতি ও বন্ধুত্বের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছেন বলে মত প্রকাশ করেন
জামায়াত আমির।
এই
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের
সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতে
ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।