ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, আহত ১


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৫৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জনবহুল রাস্তা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় এক রাজনৈতিক নেতাকে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার করে রাস্তা অবরুদ্ধ করার এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, উপজেলার কাস্তা-বেত্রাসীন এলাকায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ কার্যক্রম চালাচ্ছিলেন একই এলাকার প্রভাবশালী আব্দুল লথিব। এলাকার সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ এই পথটি দখল করায় স্থানীয় বাসিন্দা ও মাধাই নগর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আশরাফ আলী এর তীব্র প্রতিবাদ জানান। সরকারি জায়গা ও রাস্তা দখলমুক্ত রাখতে আইনি ও সামাজিকভাবে বাধা দেওয়ায় চরম ক্ষুব্ধ হন অভিযুক্তরা।


এর জেরে প্রভাবশালী আব্দুল লথিব, জাকারিয়া হোসেন, খবির উদ্দিন ও বাটুলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আশরাফ আলীর ওপর হামলা চালায়। হামলায় আশরাফের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও আঘাতের সৃষ্টি হয়। পৈশাচিক এই মারধরের সময় ভুক্তভোগীর সাথে থাকা তার স্ত্রী ও শালিকাকে অবরুদ্ধ করে তাদের নিকটে থাকা দামি মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ টাকা দুর্বৃত্তরা বলপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন।


এদিকে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাস্তাটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এভাবে রাস্তার জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হলে সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। তারা অবিলম্বে সরকারি জায়গা দখলমুক্ত ও নিরাপদ রাখার জোরালো দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা নিজেদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।


ঘটনার বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, রাস্তা দখল ও মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ হাতে এসেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


এ সম্পর্কিত আরো খবর