প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষে দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকারী ৬৮ জন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রশাসনিক রদবদলের নির্দেশ দেওয়া হয়। প্রত্যাহারকৃত এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের সুবিধার্থে সংশ্লিষ্ট আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। এর পরিধি দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় পর্যন্ত বিস্তৃত। সংশ্লিষ্ট কর্মকর্তারা এতদিন নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায়, নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী প্রশাসনিক কার্যক্রমে তারা সরাসরি যুক্ত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের স্বাক্ষরসংবলিত এই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে। প্রশাসনিক এই আদেশের অনুলিপি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে প্রজ্ঞাপনটি গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) দ্রুত হালনাগাদ করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের প্রশাসনের এই বড় রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট নীতির্ধারকরা।