ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখল


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১৬ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে প্রভাব খাটিয়ে আদালতের চলমান নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে এক সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবরদখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বাধা দেওয়ায় ওই পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়েছে, যা এলাকায় চরম আতঙ্কের জন্ম দিয়েছে।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুশুরি ঠাকুরবাড়ি এলাকায় দীর্ঘ ২৬ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই সম্পত্তি নিয়ে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও সোমবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের চাচাতো ভাই সামাউন ভূঁইয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। তারা জোরপূর্বক বসতভিটায় প্রবেশ করে সীমানা খুঁটি গেড়ে জমি জবরদখল করে।


এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা লিটন অধিকারী, তার বড় ভাই দুলাল অধিকারী এবং বৃদ্ধ বাবা শান্তি অধিকারীকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারটিকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হয়, যার ফলে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত সামাউন ভূঁইয়া বলেন, "অক্ষয় অধিকারী নামের একজনের কাছ থেকে জমি ক্রয় করেছি এবং আইনসম্মতভাবেই সেখানে গিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।"


এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া দাবি করেন, "সামাউন ভূঁইয়া আমার চাচাতো ভাই হলেও তার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়। আমার আশ্রয়ে জমি দখলের কোনো প্রশ্নই ওঠে না। প্রশাসক হিসেবে আমি সবসময় ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।"


ঘটনা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ওই পরিবারকে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার এস এম আব্দুল বিন শফিক বলেন, "ইউনিয়ন পরিষদের প্রশাসক যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তবে তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে। এছাড়া থানায় যেহেতু অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।"


এ সম্পর্কিত আরো খবর