ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,  ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে পিটিআইয়ের লংমার্চ শুরু নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্ষোভ অর্থাভাবে বন্ধ চিকিৎসা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ হাফেজ সোহানুর ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা: কিশোরের জামিন আবেদন নামঞ্জুর বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস ক্রয়ে চুক্তি সই করছে বিমান উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জুনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ঘালিবাফ প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে পরিচয়ের সুবাদে বাড়িতে এসে ১২ বছরের শিশু অপহরণ


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:২০ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করা ১২ বছর বয়সী এক কিশোরীকে মাত্র আট ঘণ্টার ব্যবধানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. শাহ জামাল (৪১) নামের সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ফেসবুক পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকা থেকে ওই শিশুটিকে কৌশলে নিয়ে যান শাহ জামাল। প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে শিশুটির মায়ের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। সম্প্রতি দেশে ফিরে তিনি গত ২৬ সেপ্টেম্বর কুয়াকাটা ভ্রমণের কথা বলে শিশুটির বাড়িতে বেড়াতে যান এবং তার বাবাকে একটি অ্যান্ড্রয়েড ফোন উপহার দিয়ে পরিবারের সঙ্গে গভীর বিশ্বাস ও সখ্য গড়ে তোলেন। ঘটনার দিন নিজ বাড়ি কুমিল্লায় ফেরার নাম করে বাড়ি থেকে বের হওয়ার সময় কৌশলে উপহার দেওয়া ওই ফোনটি সঙ্গে নিয়ে যান এবং খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে স্থানীয় অটোরিকশা স্ট্যান্ডে নিয়ে যান।


অটোরিকশা স্ট্যান্ডে পৌঁছানোর পর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নিজের সঙ্গে নিতে বাধ্য করেন শাহ জামাল। এরপর তাকে দুমকির পাগলার মোড় বাসস্ট্যান্ড থেকে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং শাহ জামালের মোবাইল ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বিষয়টি দ্রুত দুমকি থানাকে অবহিত করেন।


খবর পেয়ে পটুয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় দুমকি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল যৌথ অভিযান শুরু করে। ঘটনাস্থল, পাগলার মোড় এবং পায়রা সেতুর টোলপ্লাজাসহ আশপাশের শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালানো হয়। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সুবাদে শাহ জামাল শিশুটিকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন—এমন নিশ্চিত তথ্য পেয়ে দুমকি থানার একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১০ (SRB-10)-এর সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত শাহ জামালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার লিখিত আবেদনের ভিত্তিতে দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-০২, তারিখ: ৩ অক্টোবর ২০২৬)। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৭/৩০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহ জামাল অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই অপহরণের সঙ্গে অন্য কেউ বা কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর