মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়েছে। সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর জবাবে ইয়েমেনে হুথিদের বিভিন্ন অস্ত্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মচা পুনর্দখল এবং বাবে আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী এলাকা থেকে হুথিদের হটাতে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান এবং নাজরান বিমানবন্দরে তীব্র আক্রমণ চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়েছে। সীমান্তবর্তী এসব এলাকায় হামলার পর থেকেই গোটা অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইয়েমেনে হুথিদের অস্ত্র মজুত ও সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
এদিকে ইয়েমেনের তায়েজ ও আশপাশের এলাকায় চলমান তীব্র লড়াইয়ের ফলে সাধারণ মানুষ চরম মানবিক সংকটের মধ্যে পড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মচা সফলভাবে পুনর্দখল করেছে। পাশাপাশি, কৌশলগতভাবে স্পর্শকাতর বাবে আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী প্রধান অবস্থানগুলো থেকে হুথি বিদ্রোহীদের পুরোপুরি হটিয়ে দিতে একটি বড় ধরনের পূর্ণাঙ্গ সামরিক পাল্টা আক্রমণ শুরু করা হয়েছে।
আঞ্চলিক এই সংঘাতের বিস্তার শুধু ইয়েমেন ও সৌদির সীমানাতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব ছড়িয়ে পড়েছে বৃহত্তর পরিসরে। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, তাদের সামরিক বাহিনী বর্তমানে যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে সামান্য কোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি, জলপথের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ওমান উপকূলের নিকটবর্তী হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলার শিকার হয়ে ১১ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে নয়া দিল্লি। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান এই বহুমুখী সংঘাত দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা গভীর বিপর্যয়ের মুখে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা