চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ভারতের সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করে সেখানে সুশাসন প্রতিষ্ঠার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি এর কাছেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। ওই এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে পরিকল্পিতভাবে এসব স্থাপনা গড়ে তোলার মাধ্যমে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্যাম্পের ভেতরে মাদক কারবার ও মানবপাচারের মতো অপরাধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসব ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্তের কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রামুর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন স্থান পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও মানবপাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। এ জন্য সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম বাড়ানো হবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ একাডেমি ও কেন্দ্রীয় কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।