শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতিতে ‘দ্বিচারিতা’ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, একদিকে খুনিদের আইনি সহায়তা দিয়ে পক্ষে অবস্থান নেওয়া এবং অন্যদিকে রাজপথে আবরার হত্যার বিচারের দাবিতে আন্দোলন করা সম্পূর্ণ স্ববিরোধী।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাশেদ খাঁন বলেন, শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যখন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন ও খোদ ছাত্রশিবিরও রাজপথে কর্মসূচি পালন করছে, তখন একটি বড় প্রশ্ন থেকে যায়। আবরার ফাহাদের খুনিদের প্রধান আইনজীবী ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং জামায়াতের মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শিশির মনির। তিনি জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও আন্তর্জাতিক মহলে দলের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখেন। জামায়াতের একজন শীর্ষ পর্যায়ের নেতার এমন ভূমিকার পর শিবির কোন যুক্তিতে রাজপথে আবরার হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করে, সেই প্রশ্ন রাখেন তিনি।
জামায়াত-শিবিরের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, শিশির মনির যখন খুনিদের পক্ষে আইনি লড়াইতে নেমেছেন, তখন জামায়াত তার বিরুদ্ধে দলীয়ভাবে কী ব্যবস্থা গ্রহণ করেছে? জনগণের সঙ্গে এই ধরনের দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবির বহু দিন ধরে করে আসছে। অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরনের দ্বিচারী রাজনীতির কোনো সুযোগ থাকতে পারে না বলেও স্পষ্ট ভাষায় উল্লেখ করেন তিনি।
এ সময় শহীদ আবরার ফাহাদের পরিবারের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াত ও ছাত্রশিবির যদি আইনজীবী শিশির মনিরকে দল থেকে বহিষ্কার না করে, তবে আবরার ফাহাদের পরিবারের উচিত হবে না তাদের কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে নৈতিকভাবে অংশ নেওয়া। একদিকে খুনিদের সুরক্ষা দেওয়া এবং অন্যদিকে বিচার চেয়ে কর্মসূচি পালন করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।