সৌদি
আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার সন্ধ্যার পর রিয়াদের কিং
খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো
হয়। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত ও ধ্বংস করতে
সক্ষম হয়েছে বলে জানিয়েছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট।
সৌদি-ইয়েমেনি
সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সামাজিক
যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান,
রিয়াদ ও খামিস মুশাইতকে
লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এর আগে সোমবার
সন্ধ্যার দিকে রাজধানী রিয়াদের বাসিন্দারা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান।
এদিকে হুথি
বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক এক্সপোস্টে রিয়াদ
ও খামিস মুশাইতে হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইত জেলার সৌদি সেনাবাহিনীর বিমানঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ও
ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিমান সংস্থা ও ভ্রমণকারীদের সতর্ক
করে হুথি মুখপাত্র উল্লেখ করেছেন যে, সৌদি আরবের মক্কা ও মদিনা বাদে
অন্য কোনো অঞ্চলের আকাশসীমা নিরাপদ নয়।
উল্লেখ্য, এর
আগে গত শনি ও
রোবারেও রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে হুথিরা। ওই দুইদিনের হামলায়
১৩ জন ও ১
জন করে মোট ১৪ জন নিহত
এবং তিন শতাধিক মানুষ আহত হন। গত তিন দিন
ধরে চলা এসব হামলায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের আকাশপথে
তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ
করছে। — সূত্র: আলজাজিরা