ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ছুটি ২৯ দিন মার্কিন মধ্যবর্তী নির্বাচন: জয়-পরাজয়ের পাল্লা কোন দিকে? কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, ২০ বছর উত্তোলনের পরিকল্পনা মিরপুরে সংঘাত ও অগ্নিসংযোগ: ৪ মামলায় সাড়ে ১০ হাজার আসামি যুদ্ধ শেষের খসড়া প্রস্তাব নিয়ে দোহা ছাড়ল ইরানি প্রতিনিধিদল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা অধিনায়ক আশরাফুলের দুর্দান্ত গোলে শক্তিশালী চীনকে রুখল বাংলাদেশ স্কুলের তালা ভেঙে নারী নিয়ে রাতভর নাচ, ভাইরাল ভিডিও চা থেকে চিরদিন: রাজধানীতে তরুণ-তরুণীদের ব্যতিক্রমী চা-চক্র এআই দিয়ে ছবি বানিয়ে বিপাকে কংগ্রেস, কটাক্ষ করলেন কিরেন রিজিজু

তরুণদের জন্য ২০ লাখ টাকার সহজ ঋণ আবেদন শুরু


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪৮ পিএম

উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণদের জন্য দারুণ সুসংবাদ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ৫৬টি জেলার উপজেলায় শুরু হয়েছে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ ও অনুদান পাওয়ার আবেদন প্রক্রিয়া। তরুণদের স্বাবলম্বী করে তুলতে এবং দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এই উদ্যোগ এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এই কার্যক্রমে অংশ নিতে পারছেন। এর আগে পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছিল।

এই বিশেষ কর্মসূচির আওতায় একজন যোগ্য উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা লাভ করবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হবে। অর্থাৎ ঋণ ও অনুদান মিলে একজন উদ্যোক্তা মোট ২০ লাখ টাকা পাবেন, যা এককালীন একসঙ্গে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এই অনুদানের অর্থ সংগ্রহ করা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিল থেকে।

এর আগে কর্মসূচির সক্রিয়করণ পর্যায়ে আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা তাদের আবেদন জমা দেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই আটটি জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছিল নেত্রকোণা জেলা থেকে।

প্রাথমিক আটটি জেলা বাদে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং নির্দিষ্ট তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ বিতরণ ও বাছাই প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এর আগে জানান, যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে উদ্যোক্তারা ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটিতে ব্যাংকার ছাড়াও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা থাকবেন। তাদের নিরপেক্ষ সুপারিশের ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তাদের এই ঋণ প্রদান করা হবে।


এ সম্পর্কিত আরো খবর