আহসান সাকিব হাসান / : 219
লালমনিরহাটে ফারুক আলম নামের এক সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ওই সাংবাদিককে এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন।
ফারুক আলমের বাড়ি জেলার আদিতমারী উপজেলা সদরের টিএনটি পাড়ায়। তিনি বর্তমানে বাংলাট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
গত ১৩ ফেব্রুয়ারি ওসি আলী আকবরের সই করা স্মারকের একটি ডেভিল হান্টের গোপন তালিকায় ৩৯ নম্বরে সাংবাদিক ফারুক আলমের নাম যুক্ত করা হয়। তালিকায় তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পলাতক দেখানো হয়েছে।
এ বিষয়ে ওসি আলী আকবর প্রথমে ডেভিল হান্টে নাম যুক্ত করার কথা অস্বীকার করেন। পরে তালিকা দেখানো হলে তিনি অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন এবং ভুলটি সংশোধনের আশ্বাস দেন।
সাংবাদিক ফারুক আলম ওসিকে বলেন, আমি একজন কবি, লেখক, সংবাদকর্মী বিভিন্ন স্থান থেকে সম্মাননা পেয়েছি। আমার লেখা গল্প-কবিতা পত্রপত্রিকায় ছাপা হয়। আমার পরিবারের এবং বাবা-চাচার বিষয়ে থানায় কোনো অভিযোগ, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) নাই।
এর আগে (৪ মার্চ) ওসি আলী আকবর ডেভিল হান্টের তালিকায় নাম যুক্ত করার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্টে আদিতমারী উপজেলা বিএনপির পার্টি অফিসে হামলার অভিযোগে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি একটি মামলা হয়। প্রথমে ওই মামলায় ফারুক আলমকে এজাহারভুক্ত করে ৪০ নম্বর আসামি করা হয়। একই দিন এজহার পরিবর্তন করে ফারুক আলমের নাম এজহার থেকে বাদ দেওয়া হয়।