মোহাম্মদ বাকি অনিক , কুমিল্লা প্রতিনিধি
সরেজমিনে দেখা যায়, ডুমুরিয়া চানপুর এলাকার জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র লেক ভিউ পার্কের ঠিক সম্মুখভাগে এবং একটি মহিলা মাদরাসার অত্যন্ত কাছাকাছি সড়কের ওপর দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে পচে গিয়ে সেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়েই প্রতিদিন বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও আশপাশের ব্যবসায়ীদের। ময়লার স্তূপ থেকে ছড়ানো পচা গন্ধের কারণে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশে গড়ে ওঠা এই অবৈধ ময়লার ভাগাড়ের কারণে এলাকার পরিবেশের স্বাভাবিক ভারসাম্য দ্রুত নষ্ট হচ্ছে। পচা আবর্জনা থেকে উৎপন্ন মাছি, মশা ও রোগজীবাণুর অবাধ বিস্তারের ফলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষাগ্রহণ চরমভাবে বিঘ্নিত হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। দীর্ঘদিন ধরে এমন পরিবেশ বজায় থাকায় এলাকায় ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন দূষণজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
অন্যদিকে, একটি বিনোদনকেন্দ্রের প্রবেশমুখে ও প্রধান সড়কের পাশে এমন যত্রতত্র বর্জ্য ফেলার কারণে এলাকার নান্দনিক সৌন্দর্যও ম্লান হয়ে যাচ্ছে। সাধারণ পথচারীদের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যন্ত্রণাদায়ক এক অভিজ্ঞতার নাম। পর্যটন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ এমন দূষণের শিকার হওয়ায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ময়লার ভাগাড় অপসারণ করে বউ বাজার রোডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।