লালমনিরহাট প্রতিনিধি / : 21
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আটককৃত গরুগুলোর মোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বিকেলে তিস্তা ব্যাটালিয়নের অধীন নাজিরগোমানী বিওপির একটি বিশেষ টহল দল পাটগ্রাম সীমান্ত থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু আটক করা হয়।
এর ধারাবাহিকতায় পরদিন অর্থাৎ ৪ নভেম্বর ভোরে ধরলা বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে আরও ৩টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি, টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।