কয়েক দিনের টানা উত্তেজনা ও আন্দোলন কাটিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে সড়ক অবরোধ ও বিক্ষোভের পর অবশেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। ফলে শিল্পাঞ্চলজুড়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
সকাল ৯টা পর্যন্ত জেলার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো আঞ্চলিক সড়কে শ্রমিকদের বিক্ষোভ বা অবস্থান নিতে দেখা যায়নি। সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি যেন নতুন করে অবনতি না হয়, সে জন্য পুরো শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নিয়োজিত রয়েছে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং এসআরবির ৮ প্লাটুনসহ যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, সার্বিক পরিস্থিতি শান্ত রাখা এবং মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা সহ্য করা হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুরের শিল্পাঞ্চল চরম উত্তপ্ত হয়ে ওঠে। মহাসড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োগের পাশাপাশি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এমনকি সংঘর্ষের মধ্যে তৌফিক হোসেন শেখ নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় এবং কিছু স্থানে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এতে নিরাপত্তার স্বার্থে বহু কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কয়েক দিনের সেই সহিংসতা ও অস্থিরতার পর শ্রমিকেরা কাজ যোগ দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিল্পমালিক ও স্থানীয় বাসিন্দারা।