মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদ মাঠে নতুন কুঁড়ি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ভলিবল দল ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ ভলিবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ আয়োজন কমিটির আহ্বায়ক মো. সাইফুল হুদা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও আয়োজন কমিটির সদস্যসচিব মোহাম্মদ হাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ফরিদ দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এ ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশগ্রহণ করছে। ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, টেবিল টেনিস ও ভলিবল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উপজেলা বাছাই কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং জাতীয় পর্যায়ে দল গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এটি একটি চমৎকার উদ্যোগ। তিনি আরও বলেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে দল গঠন শেষে উপজেলা পর্যায়ে দল গঠন করা হবে। পরবর্তী সময়ে নির্বাচিত খেলোয়াড়েরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।