অধিকৃত পশ্চিম তীরে সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পাশাপাশি সাধারণ বা বেসামরিক পোশাকে ইসরায়েলি সেনারা সরাসরি ফিলিস্তিনিদের ওপর হামলায় অংশ নিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমের দীর্ঘ তদন্তে উঠে এসেছে যে, অন্তত ১৪ জন ফিলিস্তিনি নাগরিক নিহতের ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন এসব বসতি স্থাপনকারী, যারা একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত কিংবা হামলার সময় সেনা ইউনিফর্মে উপস্থিত ছিলেন। এই অনুসন্ধানী তথ্য প্রকাশ পাওয়ার পর অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে দখলদার বাহিনীর বেআইনি কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ রূপ উন্মোচিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আল জাজিরায় প্রচারিত বিশেষ প্রতিবেদনে দেখানো হয়, ইসরায়েলি সেনারা বেসামরিক পোশাক পরে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলায় অংশ নিচ্ছে। এর ফলে সাধারণ সশস্ত্র বসতি স্থাপনকারী এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে পার্থক্য করা চরম কঠিন হয়ে পড়ছে। অনুসন্ধানে মূল নজর দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট ‘হাগমার’ (Hagmar)-এর ওপর। মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের রিজার্ভ সেনা হিসেবে এই ইউনিটে নিয়োগ দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের পর থেকে এই ইউনিটের সদস্য সংখ্যা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তাদের মূল কাজ অবৈধ বসতি রক্ষা থেকে পরিবর্তিত হয়ে ফিলিস্তিনিদের ওপর সরাসরি হামলায় সহায়তা করায় রূপ নিয়েছে।
অভিজ্ঞ সূত্রে আল জাজিরা জানিয়েছে, সামরিক দায়িত্ব পালনের সুযোগে এই বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গোপন ও সংবেদনশীল তথ্য, বৈধ মারাত্মক অস্ত্র এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণের সুবিধা পাচ্ছে। প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করে বলা হয়, পশ্চিম তীরের হেব্রন অঞ্চলের এক কৃষি জমিতে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার সঙ্গে সাদা পোশাকের এক ইসরায়েলি সেনা জড়িত ছিল। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ওই সেনা বসতি স্থাপনকারী সংগঠনের একজন সক্রিয় কর্মী, যার ওপর ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল (যদিও পরে তা তুলে নেওয়া হয়)। এছাড়া নাবলুস অঞ্চলে ফিলিস্তিনি জলপাই চাষিদের ওপর সাদা পোশাকের আরেক ইসরায়েলি সেনার হামলার ছবি ও ভিডিও প্রমাণ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এই নজিরবিহীন ও সংবেদনশীল প্রতিবেদনটি প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
এদিকে ফিলিস্তিনি ‘ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন’-এর তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু গত অক্টোবরেই বসতি স্থাপনকারীরা ১,৩৬৯টি হামলা চালিয়েছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়কালে মোট ১২,৫০৬টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ৫২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ফসলি জমিতে ৮৯০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।