তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আকস্মিকভাবে অবতরণ করা রহস্যময় রুশ সামরিক বিমানে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগোর কস্ত্যুকভসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে যখন নানা মাত্রিক উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে ইসরায়েলি নিরাপত্তা প্রধানদের সঙ্গে অত্যন্ত গোপনীয় এক বৈঠকে অংশ নিতে তাদের এই সফর বলে জানা গেছে। অতি সম্প্রতি তেল আবিব থেকে সফর শেষ করে উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলটি আবুধাবির উদ্দেশে রওনা হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন কূটনৈতিক সমীকরণের জল্পনা শুরু হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ক্যান (KAN) সোমবার এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, রোববার গভীর রাতে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করা ওই রুশ সামরিক বিমানটিতে গোয়েন্দা প্রধান ইগোর কস্ত্যুকভ এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সওয়ার ছিলেন। একটি বিদেশি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধেই ইসরায়েলের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে তারা ইসরায়েলে পৌঁছান। সফর শেষে সোমবার বিমানটি আবুধাবির উদ্দেশে তেল আবিব ত্যাগ করে, যেখানে মঙ্গলবার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কোর নিকটবর্তী চকালোভস্কি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা টুফোলেভ টু-১৫৪ (Tupolev Tu-154) মডেলের এই বিমানটির ইসরায়েলে অবতরণের ঘটনাটি অত্যন্ত ‘অস্বাভাবিক’। বিগত কয়েক বছরের মধ্যে এমন ঘটনার কোনো নজির দেখা যায়নি। তবে স্পর্শকাতর এই সফরের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা ইসরায়েলে অবস্থিত রুশ দূতাবাস—কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।
অতীতে ইসরায়েল ও রাশিয়ার সামরিক আলোচনা মূলত সিরিয়ায় রুশ বাহিনীর উপস্থিতির ওপর কেন্দ্র করে পরিচালিত হতো, যাতে দুদেশের সীমান্তে সংঘাত এড়ানো যায়। তবে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে রাশিয়া। এমনকি সম্প্রতি সিরিয়ার লাতাকিয়া শহরের কাছে অবস্থিত ক্ষমেমিম বিমানঘাঁটি (Hmeimim Air Base) থেকে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে মস্কো।
অন্যান্য আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপটের কথা তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান সংঘাতের মধ্যে ইরানের সঙ্গেও মস্কোর কৌশলগত সম্পর্ক রয়েছে। পাঁচ দিন আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতসহ নানা বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এপ্রিলে যুদ্ধবিরতি হলেও জুলাইয়ে তা পুনরায় শুরু হয়।
তুর্কিভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ক্যান (KAN)-এর তথ্যের ভিত্তিতে এই গোপনীয় ও কৌশলগত সফরের খবরটি সামনে আনা হয়েছে।