ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

বয়কট ও চাপের মুখে বিস্ফোরক পরীমনি: এসব করে আমাকে সরি বলাবেন


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৪৮ এএম

আইনি নোটিশের তোয়াক্কা না করে উল্টো সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি। সম্প্রতি এক সংবাদকর্মীকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রেখে বলেছেন, তাঁকে পদে পদে অপমান ও বয়কটের ডাক দিয়ে তাঁরা কি শেষ পর্যন্ত জোর করে তাঁর মুখ থেকে ক্ষমা আদায় করাতে চান?


ভিডিওতে নিজের ওপর চলা নানান মানসিক চাপ ও বিরোধিতার কথা তুলে ধরে পরীমনি বলেন, তাঁকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, তাঁকে মিডিয়া ও কাজ থেকে সম্পূর্ণ বয়কট করার জন্য বিভিন্ন মহলে জোর প্রচারণা চালানো হচ্ছে। এমনকি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের মালিকদের কাছে গিয়ে তাঁকে যেন কোনো ধরনের কাজে চুক্তিবদ্ধ না করা হয়, সে জন্য নানামুখী চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই চিত্রনায়িকা।


ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি টেনে এনে পরীমনি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউকে কি কখনো জোর করে বা গলা টিপে ধরে ক্ষমা চাওয়ানো সম্ভব? একজন মানুষ ভুল করলে তাকে শুধরে দেওয়ার একটা সুন্দর প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু যেভাবে তাঁকে কোণঠাসা করার অপচেষ্টা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, 'আপনি একটা মানুষের গলা টিপে ধরে বলবেন—যতক্ষণ না অবধি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো যায়, সম্ভব?'


নিজের গালমন্দের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই ঘটনার জন্য যদি তাঁকে ক্ষমা চাইতে হয়, তবে সেটি নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করেই বলতে হবে। কিন্তু এর সুযোগ নিয়ে কেউ তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন, ইচ্ছামতো হেনস্তা করবেন—সেই অধিকার অন্য কারোর নেই।


ভিডিওর শেষ পর্যায়ে ক্ষোভের সুরে চিত্রনায়িকা বলেন, 'আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করলেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?'—সব মিলিয়ে এসব পন্থায় তাঁকে কখনোই নমানো যাবে না বলে স্পষ্ট ইঙ্গিত দেন তিনি।


উল্লেখ্য, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত চত্বরে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কির অনভিপ্রেত ঘটনা ঘটে। সেই সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরবর্তীতে অভিনেত্রী দাবি করেন, ওই সংবাদকর্মী তাঁকে স্পর্শ করেছিলেন।


অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাণনাশের ভয় দেখানোর গুরুতর অভিযোগ আনেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি আইনি নোটিশ পাঠান। ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য স্পষ্টভাবে বলা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর