কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে চরম ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, খুনি হাসিনার দল ও তাদের দোসরদের জন্য যুবদলের নেতাকর্মীদের হৃদয়ের সমস্ত মানবতার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। যারা সুস্থভাবে বেঁচে থাকতে চান, তারা যেন আর কখনো ভুল করেও রাজপথে বা জনসমক্ষে বের হওয়ার সাহস না করেন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক বিশাল বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কঠোর ভাষায় সতর্ক করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, অতীতে তারা দেশে যে রামরাজত্ব কায়েম করেছিল, তার দিন শেষ। এখন থেকে আর রাজপথে বের হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নির্ধারিত এলাকার সীমানার ভেতরে যদি নিষিদ্ধ সংগঠনের কেউ পা রাখে কিংবা নামার দুঃসাহস দেখায়, তবে খোদার কসম কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না। তিনি নিজের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, আজও বিক্ষোভ চলাকালে কতিপয় ব্যক্তিকে আটক করার পর তিনি নিজ দায়িত্বে তাদের রক্ষা করেছেন। কিন্তু যারা রাতের অন্ধকারে লুকিয়ে এসে কিংবা চোরাপথে দেশে নতুন করে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে, তারা কোনোভাবেই পার পাবে না এবং হাতেনাতে ধরা পড়লে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।
এ সময় দেশের কিছু সুবিধাভোগী ও বুদ্ধিজীবী মহলের ভূমিকার সমালোচনা করে যুবদল নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশেও একটি কড়া বার্তা দেন। তিনি বলেন, যারা অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগের ক্ষমতার সময়ে তাদেরই দালালি ও তোষামোদ করেছেন এবং বর্তমানে নিজেদের গায়ে সুশীল বা নিরপেক্ষতার লেবাস চড়ানোর পাশাপাশি নিজেদের চামচাগিরি রক্ষা করতে হঠাৎ খোলস বদলে বিএনপির সমর্থক বা লেবাস ধারণ করার অপচেষ্টা করছেন—তারা কোনোভাবেই পার পাবেন না। তাদের রাজনৈতিক চতুরতা ও দ্বিমুখী নীতি এ দেশের সচেতন জনতা ও নেতাকর্মীরা ভালোভাবেই চিহ্নিত করে রেখেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে রবিউল ইসলাম নয়ন পুনর্ব্যক্ত করে বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দল এবং তাদের দোসরদের প্রতিটি অপরাধের ক্ষত এ দেশের মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। ফলে তাদের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে মানবতার সব দরজা এখন চিরতরে বন্ধ হয়ে গেছে। সুতরাং যেকোনো ধরনের গোপন ষড়যন্ত্র বা নাশকতা দেশের মাটিতে আর বরদাশত করা হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দেন।