মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে আকাশ মোল্লা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আকাশ মোল্লা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামের আজিবর মোল্লা ও সুফিয়া খাতুন দম্পতির ছেলে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে আকাশের বোন তার ঘরের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে টিনের বেড়ার ছিদ্র দিয়ে উঁকি দিয়ে তাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং মরদেহ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।