ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৫৪ পিএম

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করা হবে এবং রাতের আঁধারে দু-চারটা পটকা ফুটিয়ে এ দেশে ফিরে আসার কিংবা রাজনীতি করার কোনো সুযোগ আর নেই। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে যুবদলের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবদল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ দেশের জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছেন। নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের আস্ফালন এ দেশের জনগণ আর সহ্য করবে না।


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে মীর হেলাল উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি উল্লেখ করেন, একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলা হচ্ছে না এবং তারাও চুপচাপ রয়েছেন—বিষয়টি বেশ চিন্তার। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের তাবেদারি এ দেশের জনগণ আর কখনো মেনে নেবে না এবং বিএনপি এ দেশের জনমানুষের দল। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।


সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। আসন্ন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, পলাতক ফ্যাসিস্টদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আগুন-সন্ত্রাস রুখে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো কোনো আপস করেননি। একইভাবে দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থেকেও কখনো আপস করেননি। তারা সেই আপসহীন নেতার কর্মী উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে যেকোনো গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে এবং আগুন-সন্ত্রাস রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে।


সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় উক্ত সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর